এরশাদ ছাড়া কোনো দলই ক্ষমতায় যেতে পারবে না: শ্রম প্রতিমন্ত্রী

আপডেট : ২২ জুলাই ২০১৮, ২২:৩১

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরশাদ ছাড়া কোনো দলই ক্ষমতায় যেতে পারবে না। কারণ আমরা এখন ম্যারাডোনা। ৩শ আসনেই আমাদের দল থেকে প্রার্থী মনোনয়ন দিয়ে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি চলছে। আর জোট করলেও কোন দলের সঙ্গে করবেন, তা আমাদের নেতা এরশাদ নিজেই সিদ্ধান্ত নিবেন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মনে করি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দলের সঙ্গে জোট করলেই ভালো হয়।’

এ সময় তিনি আরো বলেন, ‘বর্তমানে জাতীয় পার্টি কোনো জোটে নেই। বিরোধী দল হিসাবে সরকারের ভালো কাজের প্রশংসা ও খারাপ কাজের প্রতিবাদ করে যাচ্ছি।’

আজ রবিবার বিকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনাতনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী খান।

সভায় নেত্রকোনা, আটপাড়া ও কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টি, যুবসংহতি ও ছাত্রসমাজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু