ত্রিশালে দুখু হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৬:৩১

ময়মনসিংহের ত্রিশালে চাঞ্চল্যকর লুৎফর রহমান দুখু হত্যার বিচার ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা ও আসামিদের বিচার দাবিতে সোমবার সকালে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।

ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছোট বোন শরিফা খাতুন। উপজেলার মোক্ষপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা মতিউর রহমানের একমাত্র পুত্র দুখুকে পরিকল্পিতভাবে হত্যার বিচার ভিন্ন খাতে প্রবাহিত অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তার বোন স্কুল শিক্ষিকা শরিফা খাতুন।

একমাত্র ভাইয়ের খুনিদের বিচার চেয়ে শরিফা খাতুন সাংবাদিকদের বলেন, পরিবারের একমাত্র ভরসা বড় ভাইকে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১২ সালের ১৪ জুলাই দিবাগত রাতে আপন চাচা আব্দুল মান্নান চানু ও তার সহযোগীরা হত্যা করে। এ ঘটনায় ময়মনসিংহ বিজ্ঞ আদালতে মামলা করা হয় যা এখনো বিচারাধীন।

তিনি বলেন, ভাইকে হত্যার পর বাড়িঘরসহ সকল সম্পত্তি বেদখল করে নেয় চাচা। দীর্ঘ ২৫ বছর পর জেলা পুলিশ সুপার, ত্রিশালের ইউএনও এবং ওসি ত্রিশালের সহযোগিতায় সম্পত্তি ফিরে পেলেও ভাইয়ের হত্যাকারীদের কোন বিচার এখনও পাইনি। হত্যা মামলার আসামিগণ মামলার মোড় ভিন্নদিকে প্রবাহিত করতে স্বাক্ষী মফিজুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আসামীদের যাবৎজীবন জেল বা ফাঁসি না হলে স্বাক্ষী দেওয়া সম্ভব না বলে শরিফাকে জানিয়েছে মফিজুল ইসলাম। কারণ, তাতে তার মৃত্যুঝুঁকি রয়েছে-এমনটা আশংকা তার!

শরিফা আরো জানান, হত্যাকারীদের বিচার দাবিতে মফিজুল ইসলাম ও হাসিনা খাতুন বিভিন্ন গনমাধ্যমে সাক্ষাৎকার, এসপি অফিসে সুপারিশ ও উপজেলা সহকারী ভূমি অফিসের গনশুনানিতে স্বাক্ষী দিয়েছেন। এছাড়া ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন তারা। এখন সুর পাল্টে বলছেন এ ব্যাপারে আমি বাইরে কথা বললেও জজের সামনে গিয়ে স্বাক্ষী দিতে পারব না।

সংবাদ সম্মেলনে দুখুর ছোট বোন নাছরিন সুলতানা, চাচাতো ভাই জামাল উদ্দিন, ভগ্নিপতি শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু