জাল দলিল সম্পাদন করায় উপজেলা সাবরেজিস্ট্রারসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলার বিবাদীরা হলেন সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ, কবলা গ্রহীতা মৃত্যুঞ্জয় সরকার ও সঞ্জয় সরকার। বটিয়াঘাটা গ্রামের আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার মন্ডলের পুত্র পার্থ মন্ডল, পৃথু মন্ডল, মিঠুন মন্ডল ও তপু রানী মন্ডল বাদী হয়ে খুলনার যুগ্ম জেলা জজ ৩য় আদালতে মামলাটি করেন।
সূত্রমতে, মৃত পাগলী দাসীর ভোটার আইডি কার্ড জাল করে গত বছরের ২ ডিসেম্বর পাইকগাছা উপজেলার সুধন্য সরদারের স্ত্রী রেনুকা বালা নিজে পাগলী দাসী পরিচয়ে এ দলিলে স্বাক্ষর করেন। মামলার বাদী দলিলের লেখক ছিলেন জয়ন্ত কুমার গাইন।
বটিয়াঘাটা উপজেলা সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ বলেন, এক প্রকার ডিজিটাল জালিয়াতির মাধ্যমে দলিলটিতে রেনুকা বালা স্বাক্ষর করে। মৃত ব্যক্তির আইডিকার্ড এভাবে নিজের নামে ছবিসহ তৈরি করায় আমি বুঝে উঠতে না পারায় দলিলটি সম্পাদন করা হয়। এখন আদালত ছাড়া আমার কিছুই করার নেই।
