সৈয়দপুরের বাঙালিপুর ইউনিয়নে বাল্যবিয়ের আয়োজন করায় শুক্রবার রাতে বরের ১০ হাজার টাকা জরিমানা ও মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা আদায় করা হয়। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এই জরিমানা করেন।
সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিবন্দর উপজেলার কিশামত ফতেজংপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে রুহুল আমিনের সাথে সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর জোতদারপাড়ার আমির আলীর মেয়ে বিউটি বেগমের (১৬) বিয়ের আয়োজন করা হয় কনের বাড়িতে। গোপনে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে বরের ১০ হাজার টাকা জরিমানা করেন। মেয়ের বয়স প্রমাণের কোনো কাগজপত্র দেখাতে না পারায় বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে কনেপক্ষের মুচলেকা নেওয়া হয় বলে জানান সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
