বাঘায় আমের ক্যারেটে ফেন্সিডিল

আপডেট : ২৩ জুলাই ২০১৮, ২০:০৭

রাজশাহীর বাঘায় আমের ক্যারেট থেকে ২৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সোয়া ৯টায় উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। সেই সঙ্গে সুজন নামে এক চোরাকারকবারিকে আটক করেছে পুলিশ।

সুত্রে জানা গেছে, রবিবার বাঘা পুরাতন বাস টার্মিনাল এলাকায় বাঘা হতে ঢাকাগামী বাসে লোড করা হচ্ছিল আম বোঝাই ক্যারেট। এ সময় আমের ভেতরে ফেন্সিডিল চোখে পড়ে এক কুলির। তিনি এ রকম ১০ টি ক্যারেট (মার্কা সুজন) উদ্ধার করে থানায় খবর দেন।

পরে বাঘা থানা পুলিশ কাউন্টার মাস্টারের মাধ্যমে আমের মালিককে টার্মিনালে আসতে বলেন। এরপর সুজন নামে ওই মালিক কাউন্টারে এলে তাকে পুলিশ আটক করে। সুজন উপজেলার হরিরামপুর এলাকার নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান, উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো জব্দ করে আটক সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু