বাগেরহাটে ধর্ষণের ঘটনায় অধ্যক্ষ গ্রেফতার

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:১৪

বাগেরহাটের রামপালে এগারো বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের মামলায় অধ্যক্ষ ওলিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার শরাফপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এনিয়ে পুলিশ দুই আসামিকে গ্রেফতার করলো। গ্রেফতার ওলিয়ার রহমান স্থানীয় শরাফপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবং ফেরদৌস শেখ রামপাল উপজেলার শরাফপুর গ্রামের লুত্ফর শেখের ছেলে।  এদিকে, শনিবার বাগেরহাট সদর হাসপাতালে ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুত্ফর রহমান বলেন, মাদ্রাসার ছাত্রী ধর্ষণের ঘটনায় তার মামা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আমরা চারজনের মধ্যে মাদ্রাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানসহ দুইজনকে গ্রেফতার করেছি। তাদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মশিউর রহমান বলেন, আমরা মেয়েটির ডাক্তারি পরীক্ষা করেছি। প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে পারছি না।