কাতার অবরোধ নিয়ে জাতিসংঘ আদালতের রুল

আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৪:১৭
অবরোধের মাধ্যমে কাতারিদের অধিকার হরণ করায় সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে রুল দিয়েছে জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট ফর জাস্টিস। কাতারের দায়ের করা মামলায় এ আদেশ দেন আদালত।
 
আদালত বলেন, ‘অবরোধের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নেয়া কিছু পদক্ষেপ জাতিগত বৈষ্যম্যের সমতুল্য।’
 
২০১৭ সালের রমজান মাসে সৌদি আরব, বাহরাইন ও মিসরের সঙ্গে মিলে কাতারের ওপর সর্বাত্মক অবরোধ শুরু করে সংযুক্ত আরব আমিরাত। এটি ছিল উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় কূটনৈতিক সংকটগুলোর একটি।
 
গত মাসে জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-তে আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কাতার। অভিযোগে বলা হয়, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হাজার হাজার কাতারি নাগরিককে আরব আমিরাত থেকে বহিষ্কার করা হয়। যাদের অনেককে পরিবার ও সম্পত্তি ছেড়ে খালি হাতে কাতারে ফিরে আসতে হয়। একই সঙ্গে বন্ধ করে দেয়া হয় আমিরাত থেকে কাতার অভিমুখে আকাশ ও সাগরপথ।’
IMG0
অভিযোগে আরও বলা হয়, অবরোধ জাতিগত বৈষম্য নিরসন সংক্রান্ত আন্তর্জাতিক সনদের বরখেলাপ। আরব আমিরাত ও কাতার উভয় দেশই সনদটিতে স্বাক্ষরকারী।
 
তবে সৌদি আরব, বাহরাইন ও মিসর সনদটি স্বাক্ষর করেনি। তাই তাদেরকে এ অভিযোগের আওতায় আনা যায়নি।
 
ইত্তেফাক/টিএস