১০ হাজার টাকার জন্য পায়ুপথে ইয়াবা বহন

আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৬:৪৮

সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে আব্দুল ওহাব (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার বিকেলে উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বর থেকে ওহাবকে গ্রেফতার করা হয়। সে পায়ুপথে কনডমের মধ্যে ৮৫৫ পিচ ইয়াবা বড়ি বিশেষ কৌশলে ঢুকিয়ে বান্দরবন থেকে সিরাজগঞ্জে নিয়ে আসছিল।

ওহাব বান্দরবন জেলার লাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ঘটনার সময় আব্দুল ওহাব একটি বাস থেকে নেমে অন্য একটি বাসে উঠছিল।
র‌্যাব-১২ ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার সাকিবুল ইসলাম খান স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল ওহাবকে আটক করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে তার পায়ুপথ থেকে এসব ইয়াবা বড়ি বের করা হয়। পরে ভেতরে কোন বড়ি থাকতে পারে সন্দেহে একটি এক্স-রেও করা হয়। পেটের ভেতরে ইয়াবা থেকে গেলে তা এই মাদক ব্যবসায়ীর জন্য মৃত্যুর ঝুঁকি থাকত বলে উল্লেখ্য করেন ক্যাম্প কমান্ডার।

মাত্র ১০ হাজার টাকার জন্য ওহাব এ কাজ করেছে বলে র‌্যাবকে জানিয়েছে।

ইত্তেফাক/নূহু