বাঞ্ছারামপুরে রুপসদীতে শুক্রবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাসারের বিরুদ্ধে কালা মিয়া নামে এক ব্যক্তির পা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
কালা মিয়ার ছেলে বিপ্লব মিয়ার অভিযোগ আবুল বাসার ও তার লোকজন ওইদিন তার বাবা ও তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর টেঁটাবিদ্ধ করে কালা মিয়ার ডান পা কেটে উল্লাস করতে করতে চলে যায়। যাওয়ার সময় তার দুপায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে অভিযুক্ত আবুল বাসার জানান, তিনি ঢাকায় রয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, কালা মিয়ার কাটা পা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তার স্ত্রীর সঙ্গে কথা হয়েছে, ঢাকা মেডিক্যাল থেকে ফিরে এসে মামলা দায়ের করবে। তবে কালা মিয়ার বিরুদ্ধে থানায় চুরি এবং মাদকের মামলা আছে বলে জানান তিনি।
