জাবিতে টানা ২ দিন প্রশাসনিক ভবন অবরোধ শিক্ষকদের

আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৮:৩৩

বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের ডিন নিয়োগ ও প্রভোস্ট কমিটির সভাপতির দায়িত্ব প্রদানসহ কয়েকটি দাবিতে টানা ২য় দিন বুধবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই প্রশাসনিক ভবন অবরোধ করেছে উপাচার্যবিরোধী আওয়ামীপন্থি শিক্ষকরা। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে এই অবরোধ করেন তারা। এ সময় অবরোধের কারনে স্থবির হয়ে পড়ে সকল প্রশাসনিক কার্যক্রম। এছাড়া আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ৪৭ তম ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠানও প্রতিহত করার ঘোষণা দিয়েছে তারা।
IMG0
অবরোধকারী শিক্ষকদের অন্যান্য দাবিগুলো হল, ‘শিক্ষক লাঞ্ছনার বিচার, উপাচার্যের অ্যাক্ট, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ, উপাচার্য প্যানেল নির্বাচন ও জাকসু নির্বাচন’। অন্যদিকে গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষকদের এমন কর্মসূচী  প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন উপাচার্যপন্থী ‘বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদ’।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, ‘বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয় এ্যাক্ট, স্ট্যাটিউট ও অর্ডিন্যান্স অনুসরণ করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। তবে উপাচার্যকে অপসারণের লক্ষে বঙ্গবন্ধুর আদর্শের নামধারী সংগঠনটি ক্রমাগত মিথ্যাচার ও নানা অজুহাতে বিশ্ববিদ্যালয়কে অস্থির করার ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা প্রবেশিকা অনুষ্ঠান প্রতিহতের ঘোষণা দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দৃঢ়তার সঙ্গে জানাচ্ছি যে, এই অনুষ্ঠান সফল করার জন্য আমরা সকল প্রকার সহযোগিতা করবো।

এ বিষয়ে উপাচার্যবিরোধী শিক্ষক সংগঠনের যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম তালুকদার (তারেক রেজা) বলেন, ‘প্রথম বর্ষের শিক্ষার্থীদের যে প্রবেশিকা অনুষ্ঠান হওয়ার কথা, আমরা মনে করি প্রবেশিকা অনুষ্ঠান ডিনদের অনুষ্ঠান। ফলে বৈধভাবে যার ডিন হওয়ার কথা, তিনি প্রবেশিকা অনুষ্ঠানে থেকে ডিনদের গ্রহণ করবেন। আমরা উপাচার্যকে জানিয়েছি ২৬ তারিখের আগে দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। উপাচার্য এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেননি। অবৈধভাবে প্রভোস্ট কমিটির সভাপতির পদ থেকেও যার প্রভোস্ট কমিটির সভাপতি হওয়ার কথা তাকেও সভাপতি করা হয়নি। তারই ধারাবাহিকতায় আমাদের অবরোধ কর্মসূচী চলছে। আমাদের দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আমরা প্রবেশিকা অনুষ্ঠান প্রতিহত করবো।’

ইত্তেফাক/নূহু