বরিশাল কাশিপুরে মেডিক্যাল অফিসার মারুফা হত্যারহস্য দীর্ঘ ৭ মাস পর উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকারী মহসিনকে গ্রেফতার করা হয়েছে। মহসিন একজন পেশাদার চোর। চুরি করতে গিয়ে মারুফাকে খুন করে মহসিন।
এয়ারপোর্ট থানার ওসি এস.এম মাহাবুবুল আলম গতকাল শনিবার জানান, ঘাতক মহসিন ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর ভোলা থেকে বরিশাল এসে রুপাতলীর একটি আবাসিক হোটেলে অবস্থান নেয়। রাত আনুমানিক ১টার পরে পাশের নির্মাণাধীন বিল্ডিং থেকে মারুফার ফ্লাটের পার্শ্ববর্তী বিল্ডিংয়ের ছাদে শাবল নিয়ে অবস্থান নেয়। সেই ছাদ থেকে চুরি করার উদ্দেশে মারুফার ফ্লাটের বেলকোনিতে প্রবেশ করে। মহসিন মারুফার ঘরে প্রবেশ করে স্টিলের খোলা আলমারি তল্লাশি শুরু করে। শব্দ পেয়ে মারুফা জেগে উঠে চোর চোর বলে চিত্কার করতে থাকলে মহসিন শাবল দিয়ে মারুফার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মারুফা মাটিতে লুটিয়ে পড়েন। মহসিন দ্রুত বেলকোনি দিয়ে পাশের বাসার ছাদে চলে যায়। সেখানে নির্মাণাধীন আরেকটি বিল্ডিং থেকে নেমে লঞ্চে করে ভোলা চলে যায়। চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকা থেকে গত ১৭ এপ্রিল মহসিনকে আটক করেন এসআই ফিরোজ আলম মুন্সী।
