৪৭টি নদ-নদীর পানি বেড়েছে

আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৫:২৯
দেশে নদ-নদীর পর্যবেক্ষণে ৯৪টি পানি সমতল স্টেশনের মধ্যে ৪৭টিতে পানির সমতল বেড়েছে এবং ৪১টি স্টেশনে কমেছে। ৬টি স্টেশনে পানি সমতল অপরিবর্তিত রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদনদী সমূহের পানি সমতল স্থিতিশীল আছে যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল কমছে যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার নদীসমূহের পানি সমতল বাড়ছে যা আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীসমূহের পানি সমতল কমছে যা আগামী ৪৮ ঘণ্টায় পুনরায় বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ৩১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
 
আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অঞ্চলসমূহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাসস
 
ইত্তেফাক/কেকে