পাকিস্তানের নির্বাচনে দল এগিয়ে থাকায় ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন তাঁর সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। এক টুইটে জেমিমা বলেন, ২২ বছর পর অনেক অপমান, বাধা সহ্য করে অনেক ত্যাগের বিনিময়ে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আমার সন্তানের বাবা। পরাজয় মেনে নিতে অস্বীকৃতির বিরুদ্ধে এ জয় একটি বড় শিক্ষা। ইমরান খান ও পিটিআইকে অভিনন্দন।’
ফলাফল প্রকাশে বিলম্ব এবং এ নিয়ে বিভিন্ন দলের অভিযোগ চললেও তেহরিকের নেতা কর্মীরা এখন ইমরান খানকে প্রধানমন্ত্রী সম্বোধন করছে। জেমিমাও তাদের দলে যোগ দিলেন।
ব্রিটেনের নাগরিক ধর্মান্তরিত মুসলিম জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে ইমরান খানের সংসার টিকেছিল ৯ বছর। ২০০৪ সালে তাদের ছাড়াছাড়ি হয়। সুলায়মান ও কাসেম নামে তাদের দুই সন্তান রয়েছে। এই বিয়ে না টেকার কারণ হিসেবে নিজের রাজনীতিতে আসাকে দায়ী করেছিলেন ইমরান খান।
২০১৫ সালে ইমরান খান দ্বিতীয়বার বিয়ে করেন বিবিসির সংবাদ উপস্থাপিকা রেহাম খানকে। মাত্র ১০ মাস টিকেছিল এই বিয়ে।
IMG0
চলতি বছরের ফেব্রুয়ারিতে আবারও বিয়ের পাগড়ি পরেন ৬৫ বছর বয়সী ইমরান খান। অনেক আলোচনার পর বুশরা মানেকাকে বিয়ে করেন সাবেক এই ক্রিকেটার।
ইত্তেফাক/টিএস
