সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যাব-১২ এর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' হজরত আলী (৪২) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাইকপাড়ার শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
তখন ঘটনাস্থল থেকে দুইটি শুটার গান, ১৪টি কার্তুজ, কুড়াল, হাসুয়া ও তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খান জানান, উল্লাপাড়ার একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা তাদের ধরতে গেলে ডাকাতরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি করে।
এক পর্যায়ে ডাকাত হজরত আলীর গুলিবিদ্ধ হলে তাকে ফেলে সহযোগীরা পালিয়ে যায়। পরে অস্ত্র ও গোলাবারুদসহ তাকে উদ্ধার করে। তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
