‘আছি মোরা প্রগতির পথে, চলতে চাই একসাথে’ শ্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নানা কর্মসূচির মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শাপলা ফোরামের আয়োজনে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত ৫৮ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রফেসর ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. তপন কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, প্রফেসর মুঈদ রহমান, প্রফেসর ড. নাসিম বানু, প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রফেসর সাইফুল ইসলাম, প্রফেসর ড. মাহবুবুল আরেফিন, প্রফেসর ড. আখতারুল ইসলাম জিল্লুসহ শতাধিক শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ইবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যক্রম বেগমান থাকবে ততক্ষণ পর্যন্ত কোন প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর এখানে স্থান নেই।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক ও অসাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে একসঙ্গে ৫৮ জন তরুণ ও প্রগতিশীল শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রগতিশীল শিক্ষকবৃন্দ যদি ঐক্যবদ্ধ হোন তবে আর কোন প্রতিক্রিয়াশীল মাথাচাড়া দিয়ে উঠতে পারবেনা।
ভিসি বলেন, বিশ্ববিদ্যালয় এক নতুন মাত্রায় উন্নতি করতে ইউজিসি ও শিক্ষামন্ত্রালয় কর্তৃক পাশকৃত অর্গানোগ্রাম অনুযায়ী ৫৯ বিভাগে ৯৯০ জন শিক্ষক, ৩টি ইনস্টিটিউটসহ বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে।’
ইত্তেফাক/এমআই
