চলতি ভুট্টা চাষ মৌসুমে সৈয়দপুরে প্রাচীনকালের উচ্চ পুষ্টিকর পেরুভিয়ান ‘পার্পেল ভুট্টার’ চাষ করা হয়েছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের গবেষক, কৃষক আহসান-উল-হক বাবু তার নিজস্ব গবেষণা প্লটে এ গাঢ় জাম রংয়ের ভুট্টা চাষ করেছেন।
কৃষক আহসান-উল-হক বাবু জানান, প্রাচীন এই রঙিন জাতের ভুট্টা উচ্চ পুষ্টিসমৃদ্ধ এবং সুস্বাদু। প্রথমে তিনি ইন্টারনেটের মাধ্যমে রঙিন ভুট্টা সম্পর্কে অবগত হন। পরবর্তীতে সেখান থেকে রঙিন ভুট্টা বীজ বাজারজাতকারী প্রতিষ্ঠানের ই-মেইল ঠিকানা সংগ্রহ করেন। এরপর আমেরিকায় অবস্থানরত তার এক আত্মীয়ের মাধ্যমে আট রঙের ১০টি করে রঙিন ভুট্টা বীজ সংগ্রহ করেন। সংগৃহিত বীজ চারা করার নিমিত্তে বপন করা হয়। এরপর ১২ দিন বয়সী ভুট্টার চারা ‘রেইজড বেড ফারো অ্যান্ড টুইন প্লাটেশন’ পদ্ধতিতে জমিতে রোপণ করা হয়। গত বছরের ২২ নভেম্বর রোপিত প্রতিটি চারা থেকে তিন-চারটি কার্যকরি কুশি বের হয়। প্রতিটি কুশি থেকে এক-দুইটি কার্যকরি মোচা বের হয়। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে তিনি এই ভুট্টা চাষ করেছেন বলে জানান।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মণ্ডল জানান, এ ধরনের বিলুপ্তপ্রায় জাতের ভুট্টা সংগ্রহ করে চাষের জন্য এলাকার কৃষি উদ্যোক্তা আহসান-উল-হক বাবু প্রশংসার দাবিদার।
