বিজিএমইএ সভাপতির দায়িত্ব নিলেন রুবানা হক

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:৫০

গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নতুন সভাপতি হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। তার সঙ্গে নতুন পরিচালনা পর্ষদের নতুন সাত সহ-সভাপতি ও অন্যান্য পরিচালকও দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শনিবার উত্তরায় বিজিএমইএর নির্মাণাধীন ভবনে অনুষ্ঠিত সংগঠনের ৩৬তম বার্ষিক সাধারণ সভায় রুবানা হকের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করে। সভার প্রথম অংশে সভাপতিত্ব করেন বিজিএমইএর বিদায়ী সভাপতি সিদ্দিকুর রহমান এবং দ্বিতীয় অংশে রুবানা হক। তার নেতৃত্বাধীন পর্ষদ আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সভায় উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

গত ৬ এপ্রিল সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচনে রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরামের ২৬ সদস্যের সবাই জয়ী হন। এর আগে চট্টগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯ পরিচালক নির্বাচিত হন। গত ১১ এপ্রিল পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। রুবানা হক ছাড়াও প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ, সহ-সভাপতি এস এম মান্নান কচি, সহ-সভাপতি (অর্থ) এম এ রহিম (ফিরোজ), সহ-সভাপতি আরশাদ জামাল দিপু, মো. মশিউল আজম সজল, এ এম চৌধুরী সেলিম আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।  প্রসঙ্গত, রুবানা হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিণী। আনিসুল হকও অতীতে বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের সভাপতি ছিলেন।