জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৭:০৯
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের মানুষ যেভাবে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে সহায়তা করেছে, ঠিক একইভাবে মাদকের বিরুদ্ধে সহায়তা করবে। সরকার জঙ্গি দমনের মতো মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এ যুদ্ধে দেশের পুলিশ প্রশাসন বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে যাচ্ছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদক নিয়ন্ত্রণ না করতে পারলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন যেমন সুষ্ঠু হয়েছে, ঠিক আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন সু-শৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হবে। 
 
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, রাজশাহী সিটি নির্বাচন নিয়ে বিএনপি’র মেয়র প্রার্থী বিশৃঙ্খলার যে আশঙ্কা করছে তা মিথ্যা। নির্বাচন নিয়ে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। 
 
আজ রবিবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ফায়ার সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
১৫৬ প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) আতাউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬৮, পাবনা-১ আসনের এমপি শামসুল হক টুকু। এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলম, সাবেক সচিব ও ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মজিবুর রহমান, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।
 
ইত্তেফাক/কেকে