হোমনায় এক পাগলের দায়ের কোপে সাহিদা (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় চাঁদনী (৩৫) ও প্রতিবেশী আবুল হোসেন (৩৫) গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার সন্ধ্যায় হোমনা সদর বাসস্ট্যান্ড বালুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সাহিদা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে ও আহত চাঁদনী সাহিদার মা। অপর আহত আবুল হোসেন চাঁদপুর জেলার পশ্চিম রাইদা চেংগারচর গ্রামের মজনু প্রধানের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পূর্ব মুহূর্তে বালুর মাঠে দীর্ঘদিন যাবৎ তাবুতে থাকা বেদে সম্প্রদায়ের এক মহিলার সঙ্গে একটি পাগলের কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে পাগলের সঙ্গে থাকা দা দিয়ে মহিলাকে কোপ দেয় পাগল। কোপটি ওই শিশুর গায়ে লাগে। পাগলটি কোনোকিছুর পরোয়া না করে বাকি দুজনকেও কুপিয়ে চলে।
আহত অবস্থায় তিনজনকে স্থানীয় লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সকলকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ্যাম্বুলেন্সটি দাউদকান্দির গৌরিপুরে পৌছলে শিশু সাহিদার মৃত্যু হয়।
হোমনা থানার ওসি রসুল আহমদ নিজামী জানান, যে পাগলটি এ ঘটনা ঘটিয়েছে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়েছে। সে কোনো কথা না বলায় তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি।
হোমনা হাসপাতালের চিকিৎসক ডা. আবদুস সালাম জানান, আহতদের সবার অবস্থা আশংকাজনক হওয়ায় এবং তারা বাস্তহারা হওয়ায় তাদের সরকারি এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইত্তেফাক/নূহু
