‘ধর্ষণের মামলা প্রত্যাহার করে নিন, আমরা সাহায্য করবো’

আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১২:৩৩
ভারতের কেরালা-ভিত্তিক এক ৩০ বছর বয়সী সন্ন্যাসিনীর পরিবার অভিযোগ করেছে যে, তাদেরকে একটি ধর্ষণের মামলা প্রত্যাহার করার বদলে জমি, বাড়ি ও নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছিল এক যাজক। ওই সন্ন্যাসিনী এক উচ্চপদস্থ যাজকের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করেছিল। এই মামলা প্রত্যাহার করতেই এমন প্রস্তাব রাখা হয়েছিল। খবর এনডিটিভি’র।
 
খবরে বলা হয়,  ৪৬ বছর বয়সী এক সন্ন্যাসিনী সম্প্রতি অভিযোগ করেছেন যে, জালান্দাহারের বিশপ (কোন গির্জার শীর্ষ যাজক) ফ্রাঙ্কো মুলাক্যাল ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে ১৩ বার তার যৌন হামলা চালিয়েছে। ওই বিশপ তার ও আরো পাঁচজনের বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’ ও হুমকির অভিযোগ দায়ের করার পর তিনি পুলিশের কাছে যান। 
 
বিশপ অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্যমতে, অভিযোগকারীদের শৃঙ্খলা বিষয়ক পদক্ষেপ নেওয়ার জন্য তারা তার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে। 
 
ধর্ষণের অভিযোগ সন্ন্যাসিনীদের পাশে দাঁড়িয়েছে কেরালা-ভিত্তিক অপর এক সন্ন্যাসিনী। তাদের হয়ে থানায় মামলা করেন কেরালার ওই সন্ন্যাসিনী। এরপর তাকে এক ফোনকলে মামলা প্রত্যাহার করার বদলে জমি, বাড়ি ও নিরাপত্তা দেওয়ার প্রস্তাব রেখেছিল এক যাজক। ওই ফোনকল ফাঁস হয়ে গেছে। 
 
ফাঁস হওয়া ওই ফোনকলে শোনা যায়, আমরা আপনাদের কিছু জমি কিনে দিতে পারবো, একটি মঠ বানিয়ে দিতে পারবো ও আপনাদের সকলকে সেখানে নিরাপদে সরিয়ে নিতে পারবো। এসবকিছু কালকেই হবে না, একটু সময় লাগবে। আপনারা চিন্তা করে দেখুন। 
 
এরপর ওই যাজক, মামলা প্রত্যাহার করতে হুমকিও দেন। তিনি বলেন, আপনারা যদি আপনাদের অবস্থানে দৃঢ় থাকেন তাহলে এমনটা হবে না। আপনাদের অভিযোগ তুলে নিয়ে যদি আপনারা ওদিশা বা অন্ধ্রের কোন মঠে যান তাহলে হুমকি বাড়তে পারে। কিন্তু আপনারা যদি স্বাধীনভাবে চলেন ও অন্য কোন বিশপের অধীনে থাকেন তাহলে কোন হুমকি থাকবে না। 
 
এই যাজক আরো বলেন, আপনারা এমনটা চিন্তা করলেই ভালো হবে। এ ব্যাপারে ইতিবাচক থাকলেই ভালো হবে। আমি আপনাদের সকল সম্ভাব্য উপায়ে সাহায্য করবো। আমি সব করতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব তার সবটুকুই করবো। সেক্ষেত্রে আমরা কিছু জমি কিনতে পারি, একটা বাড়ি তৈরি করতে পারি ও তাদের সেখানে পাঠিয়ে দিতে পারি। তারা এর পক্ষে থাকবে। তারা এর পক্ষে থাকবে বলেছে বলেই আমি এমন পরামর্শ দিচ্ছি।
 
ওই সন্ন্যাসিনী তখন প্রশ্ন করেন যে, তাহলে তাদের পরিবারে দেখাশোনা কে করবে? জালাহান্দার বিশপ সম্প্রদায়? ওপাশ থেকে যাজক ‘হ্যা’ উত্তর দেন। 
 
কিন্তু অবশেষে ওই সন্ন্যাসিনী যাজকের প্রস্তাবে রাজি হননি। তিনি যাজককে বলেন, বিশপকে বলে দিন আমরা মামলা প্রত্যাহার করবো না, আমাদের ন্যায় বিচার পেতেই হবে। আমরা কোন জীবন হারাতে চাই না অথবা আমাদের সম্মান বিক্রি করতে চাই না। 
 
স্বতন্ত্রভাবে এনডিটিভি অডিও ফাইলটির সত্যতা যাচাই করতে পারেনি। তবে শীর্ষ পুলিশ সূত্র জানিয়েছে, আমরা অডিওটি পেয়েছি। আমরা ওই সন্ন্যাসিনীর বক্তব্যও নিয়েছি। আমরা আজকে সবকিছু যাচাই শেষে একটি মামলা দায়ের করবো। 
 
ইত্তেফাক/ জেআর