আধুনিক বাংলা গানের খ্যাতিমান শিল্পী লাকী আকন্দ-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ২১ এপ্রিল অসংখ্য কালজয়ী গানের এই শিল্পী ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সংগীতজগত্ হারায় এক মেধাবী শিল্পীকে। তিনি নেই কিন্তু তার গানগুলো বাংলা গানের ভাণ্ডারে বিশেষ অবস্থান নিয়ে বিরাজ করবে চিরকাল। লাকী আকন্দ ১৯৫৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই গান শেখেন এই প্রতিভাধর শিল্পী। মাত্র চৌদ্দ বছর বয়সে এইচএমভি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গান গাওয়া শুরু করেন। সেই সময় থেকেই সংগীতজগতে তিনি পরিচিতি লাভ করেন।
২০১৫ সালে লাকী আকন্দের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর চলে অবিরাম চিকিত্সা। ২০১৭ সালে আড়াইমাস হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। পরে তাকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতালেই শিল্পী ২০১৭ সালের ২১ এপ্রিল সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
