আজ ২১ এপ্রিল প্রখ্যাত সাংবাদিক, শিশু সাহিত্যিক, শিশু-কিশোর সংগঠনের অগ্রপথিক এবং সমাজসেবক মোহাম্মদ মোদাব্বের-এর ৩৫তম মৃত্যুবার্ষিকী। তিনি অগ্নিযুগে বিপ্লবী আন্দোলনে যোগদান করেন এবং বহুবার কারাগারে নিক্ষিপ্ত হন। এই সময়ে তিনি নেতাজী সুভাষ চন্দ্র বসুর সংস্পর্শে আসেন। এছাড়া ৫২ এর ভাষা আন্দোলন ও ৭১ এ মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৩৬ সালে কোলকাতা থেকে প্রকাশিত ‘দৈনিক আজাদ’ পত্রিকার প্রথম বার্তা সম্পাদক হিসাবে যোগদান করেন এবং ওই সময়ে তাঁর অনুপ্রেরণায় বহু মুসলিম ছাত্র সাংবাদিকতা পেশায় শিক্ষানবিস হিসাবে যোগদান করেন। কবি নজরুলের অনুপ্রেরণায় শিশু সংগঠন মুকুলের মাহফিল দৈনিক আজাদের পাতায় প্রকাশিত হয়। নজরুলের দেওয়া ‘বাগবান ভাই’ এই ছন্মনামে পরিচালকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ‘মুকুল ফৌজ’ নামে এই সংগঠন আত্মপ্রকাশ করে। তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

