মুন্সীগঞ্জে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৫:৫৬
মুন্সীগঞ্জে নিখোঁজের ২ দিন পর সখিনা খাতুন (৩৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লঞ্চঘাটের অদূরে ধলেশ্বরী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাত ১১টার দিকে শহরের হাটলক্ষীগঞ্জের লঞ্চঘাটে পন্টুনের ফাঁক দিয়ে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। রবিবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ অনেক খুঁজেও তার সন্ধান দিতে পারেনি।
 
সদর থানার ওসি মো আলমগীর হোসাইন জানান, সকালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি আরও বলেন, নিহত সখিনা লক্ষীপুর জেলার রায়পুরা উপজেলার চরমুন্সী গ্রামের জামান মোল্লার স্ত্রী। তার ছেলে মো খলিল মিয়া স্থানীয় সিপাহি পাড়ায় রাজমিস্ত্রির কাজ করেন। আর সখিনা গত কয়েক দিন আগে হাটলক্ষীগঞ্জ আসেন। এখানে ভিক্ষা করে জীবনযাপন করতেন তিনি।
 
পরে বৃদ্ধার লাশ ময়না তদন্ত ছাড়া ছেলে খলিলের কাছে হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশের দাফনসহ অন্য ব্যয়ে ২৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া জাহান এ অনুদানের অর্থ নিজ হাতে তুলে দেন।
 
ইত্তেফাক/নূহু