দি হেগস্থ বাংলাদেশ দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টায় ‘পহেলা বৈশাখ’ উদযাপন আন্তঃইউরোপিয়ান অনুষ্ঠানে রূপ লাভ করেছে। এর যাত্রা শুরু হয় ২০১৫ সালে যখন জনপ্রিয় সংগীত শিল্পী এমপি মমতাজ বেগম এবং তাঁর দল পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ২০১৬ সালে জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী এবং ২০১৮ সালে হৈমন্তী এবং সন্দীপন তাঁদের দলসহ পহেলা বৈশাখের অনুষ্ঠানে পরিবেশনা করেন।
এ বছর পূর্নরায় দি হেগস্থ বাংলাদেশ দূতাবাস আগামী ২১ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপনে মমতাজ বেগম এবং তাঁর ৭ সদস্য বিশিষ্ট দলকে উপস্থাপন করতে যাচ্ছে। অন্যান্য বছরের মতো এ বছরও ‘মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হবে যেখানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, বিভিন্ন শহরের মেয়র, ডাচ সরকারের পদস্থ কর্মকর্তাগণ শান্তির বাণী তুলে ধরতে অংশগ্রহণ করবেন মর্মে আশা করা যাচ্ছে। এখানে উল্লেখ্য যে, মঙ্গল শোভাযাত্রা ওয়াসেনার মিউনিসিপ্যালিটির (যেখানে বাংলাদেশ হাউস অবস্থিত এবং পহেলা বৈশাখ অনুষ্ঠিত হবে) একটি বৃহত্তম শান্তির মিছিল।
নেদারল্যান্ডসের প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি এ অনুষ্ঠানে জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, ব্রিটেন এবং ইউরোপের অন্যান্য দেশ থেকেও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। দিনব্যাপী এই উদযাপনে বিভিন্ন স্থানীয় শিল্পীবৃন্দ এবং ব্যান্ড দল ‘ত্রিমাত্রিক’ও পরিবেশনা করবে।
নেদারল্যান্ডস এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের বন্ধু-বান্ধব, সহকর্মীসহ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় কম্যুনিটির সদস্যরা বিভিন্ন ধরণের স্টলের আয়োজন করবে যার মাধ্যমে দর্শনার্থীরা রমনা বটমূলের ছোঁয়া পাবে বলে আশা করা যায়। এছাড়াও অতিথিদের জন্য দূতাবাসের ভোজের মেন্যুতে আবশ্যিক ভাবেই থাকবে ইলিশ।
ইত্তেফাক/আরকেজি
