জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগেই জনগণ আন্দোলনের মাধ্যমে সফল হবে। কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন আমাদের সামনে উদাহরণ। এসব আন্দোলনে যেসব তরুণ সম্পৃক্ত ছিল তাদের জন্য সামনের দিনগুলোতে উজ্জ্বল ভবিষ্যত্ অপেক্ষা করছে। নিজের ৮৩তম জন্মদিনে গতকাল শনিবার রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
জন্মদিনে সকালে ড. কামালকে দলীয় কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেন দলের নেতা-কর্মীরা। এরপর নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন ড. কামাল। দলের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু তাঁকে কেক খাইয়ে দেন।
ড. কামাল বলেন, আজকে সবাই পরিবর্তন চাচ্ছে। আমরা আশা করব গঠনমূলক রাজনীতি ও কর্মসূচির মাধ্যমে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আগামীতে আনতে পারব। তিনি বলেন, সবাই চাচ্ছে কার্যকর গণতন্ত্র যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে সর্বস্তরে। দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শক্তিশালী সংগঠন ছাড়া অর্থপূর্ণ কাজ করা যাবে না, দেশেও পরিবর্তন আনা যাবে না। আমরা টাকার বিনিময়ে রাজনীতি করি না। আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি জনগণের ওপর ভিত্তি করে। এর ওপর ভিত্তি করেই দেশের স্বাধীনতা এসেছে। সেই ঐতিহ্যকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে।
এসময় গণফোরামের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট এস. এম. আলতাফ হোসেন, অধ্যাপক আবু সাইয়িদ, ড. রেজা কিবরিয়া, মেজর জেনারেল (অব.) আমসা আমিন, ইঞ্জিনিয়ার সিরাজুল হক, অ্যাডভোকেট মহসিন রশিদ, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, এম. শফিউর রহমান খান বাচ্চু, রফিকুল ইসলাম পথিক প্রমুখ উপস্থিত ছিলেন।
