সরকার জনস্রোত ঠেকাতে পারবে না —নজরুল ইসলাম খান

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০০:৪০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম জিয়ার মুক্তি দাবিতে দেশব্যাপী আমরা আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। একটা পর্যায়ে গিয়ে সারাদেশের মানুষ রাজপথে নেমে আসবে। তখন যে আন্দোলন হবে সেই আন্দোলনের জনস্রোত ঠেকানোর ক্ষমতা এই স্বৈরাচার সরকারের থাকবে না। তিনি বলেন, আমরা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি চাই, কোনো শর্ত দিয়ে আমরা মুক্তি চাইনি। আমরা কখনো বলিনি যেকোনো মূল্যে আমরা তাঁর মুক্তি চাই। অথচ তাঁর মুক্তি নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।