স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্দেশ্য ছিল, কিভাবে জীবনে চলছে, কী খেলে, কী পরিহার করলে স্বাস্থ্য ভালো থাকবে সেটা মানুষকে জানানোর। আমরা চেয়েছি, যারা স্বাস্থ্যসেবা দিয়েছেন তাদের মোটিভেট করতে। জনগণের সাথে যেন ডাক্তার নার্সদের সুসম্পর্ক গড়ে ওঠে। কারণ মাঝে মাঝে কিছু কিছু ঘটনা ঘটে যার কারণে সারাদেশে স্বাস্থ্যসেবার সমালোচনা হয়। আমরা চেয়েছি, জনগণের কাছে ডাক্তার নার্সদের যেন ভালো ইমেজ তৈরি হয়। স্বাস্থ্য সেবা সপ্তাহের মাধ্যমে সেটা শতভাগ সফল হয়েছে। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, বাংলাদেশ প্রাইভেট প্রাক্টিশনারস এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়া, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।
