চট্টগ্রাম অফিস
নৌ-বিশ্ব বাজারে বাংলাদেশি নাবিকদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। গতকাল রবিবার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ১৯তম ব্যাচ ও মাদারীপুর শাখার ৮ম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার নিমিত্তে দেশের সকল সেক্টর একযোগে কাজ করে যাচ্ছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ নিম্ন-মধ্য আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে চলছে। এরই অংশীদার হিসেবে শিপিং সেক্টরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।’
তিনি উল্লেখ করেন, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে প্রি-সি ক্যাডেট কোর্স পরিচালনার অনুমতি প্রদান করা হয়েছে। এ ইনস্টিটিউটে ছয়তলা বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামাল কমপ্লেক্স ও অ্যাডভান্স ফায়ার ফাইটিং ব্লক নির্মাণ করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে সমৃদ্ধ করে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। ক্যাম্পাসের পূর্বপার্শ্বে একটি আন্তর্জাতিক মানের সিম্যান্স হোস্টেল নির্মাণ করা হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিমসহ সামরিক ও বেসামরিক লোকজন, দেশি ও বিদেশি জাহাজ মালিক ও এজেন্টদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
