বিএনপি কখনোই প্যারোলে খালেদা জিয়ার মুক্তি দাবি করেনি

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০০:৪১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই প্যারোলে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেনি। এসব অবান্তর কিছু তথ্য মিডিয়ায় এসেছে। এসবই গুজব, কিছু মিডিয়ার সৃষ্টি। বেগম খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে বিএনপির নির্বাচিত এমপিরা সংসদে যাবে এমন তথ্যও সঠিক নয়। তিনি বলেন, সরকারের মধ্যে অনেক এমপি-মন্ত্রী আছেন যারা সাজাপ্রাপ্ত হয়েও মুক্ত আছেন। অথচ বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হবে। মির্জা ফখরুল বলেন, একাদশ সংসদ নির্বাচনে আমরা (বিএনপি) পরাজিত হয়েছি বিশ্বাস করি না। আমরা নির্বাচনে না গেলে আওয়ামী লীগ যে একটি জনবিচ্ছিন্ন দল তা জনগণের কাছে প্রমাণিত হতো না।

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে নিহত বাচ্চু মিয়ার পরিবারসহ ক্ষতিগ্রস্ত শতাধিক নেতাকর্মীর পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ও সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শনিবার বিকালে জেলার সদর দক্ষিণ উপজেলার নোয়াগাঁও গ্রামে সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুল হক চৌধুরীর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. চৌধুরী সায়মা ফেরদৌস।