ফিটনেসবিহীন গণপরিবহন শনাক্ত করতে একটি জাতীয় নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি গঠন করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।
কমপক্ষে ১৫ সদস্যের এই কমিটি দ্রুত গঠন করে তিন মাসের মধ্যে ওই জরিপ প্রতিবেদন আদালতে দাখিল করতে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দেয়া হয়েছে।
ফিটেনেসবিহীন যান চলাচল বন্ধের নির্দেশ কেন দেয়া হবে না এবং ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে বিবাদীদের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
বিভিন্ন সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনার কারণ এবং গণপরিবহন ব্যবস্থা সংক্রান্ত চিত্র তুলে গত ৯ জুলাই বিআরটিএর চেয়ারম্যানকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। ওই নোটিশের জবাব না পেয়ে গত সপ্তাহে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
ইত্তেফাক/কেকে
