বটিয়াঘাটায় মঙ্গলবার দুপুরে ২ ব্যবসায়ীকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। আহত ব্যবসায়ীরা হলেন- রফিকুল ইসলাম (৫০) ও আনোয়ারুল গাইন (৩৮)।
পুলিশ জানায়, দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের আনোয়ার শেখের ছেলে রফিকুল ইসলাম ও কালাবগী গ্রামের সোনা গাইনের ছেলে আনোয়ারুল গাইন পানখালী থেকে মোটরসাইকেলে খুলনার উদ্দেশ্যে রওনা হন। বটিয়াঘাটা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে পেছন থেকে দুটি মোটরসাইকেলে ৬ জন এসে তাদের গতি রোধ করে।
ব্যবসায়ীদের মোটরসাইকেল চালক বটিয়াঘাটার হেতালবুনিয়া গ্রামের বুলবুল শেখ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান। তখন পিস্তল ঠেকিয়ে এবং এলোপাতাড়ি কুপিয়ে টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা খুলনা অভিমুখে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে থানার ওসি মাহবুবুর রহমান বটিয়াঘাটা হাসপাতালে যান। আহতদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
