ট্রেড লাইসেন্সে হয়রানির অভিযোগে নগর ভবনে দুদকের অভিযান

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৯:৫০
ট্রেড লাইসেন্স নবায়নে নির্ধারিত ফি'র চেয়ে অধিক ফি রাখার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রধান কার্যালয়ে (নগর ভবন) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। 
 
মঙ্গলবার দুদক হটলাইনে (১০৬) আগত অভিযোগের ভিত্তিতে দুদক উপ পরিচালক হেলালউদ্দিন শরীফের নেতৃত্বে দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। 
 
দুদক সূত্র জানায়, জৈনক দুদক হটলাইনে (১০৬) এ অভিযোগ করে জানান, ট্রেড লাইসেন্স নবায়নে নির্ধারিত ফি'র চেয়ে অধিক ফি রাখা হচ্ছে এবং বইয়ের ঘাটতি দেখিয়ে হয়রানি করা হচ্ছে। এ অভিযোগের পরপরই দুদক টিম এ অভিযান চালায়। দুদক টিম নগর ভবনে গিয়ে ট্রেড লাইসেন্স এর বিভাগসহ অন্যান্য বিভাগে পরির্দশন করে অভিযোগের প্রমাণ পায়। এরপর তারা চিফ রেভিনিউ অফিসারের সঙ্গে দেখা করেন। 
 
তখন এসব অভিযোগ প্রসঙ্গে নগরভবনের চিফ রেভিনিউ অফিসার দুদককে জানান, ট্রেড লাইসেন্স রিনিউ সংক্রান্ত জটিলতা ও হয়রানি শিগগির নিরসন করা হচ্ছে এবং পেমেন্ট অনলাইন নির্ভর করার প্রক্রিয়া চলছে। আগামী দুই সপ্তাহের ভিতরে এ সেবা পুরোপুরি অনলাইনে পাওয়া যাবে। নগরভবনের বেশ কিছু সেবা, যেমন হাউজ ট্যাক্স প্রদান অনলাইনে হচ্ছে এবং আগামী বছর নাগাদ সকল সেবা অনলাইনে পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
 
দুদক টিম নগর ভবনে অবস্থিত দু’টি আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকলকে ঘুষ-দুর্নীতি ও অনিয়মমুক্ত সেবা নিশ্চিত করার পরামর্শ দেন। উপস্থিত সেবাপ্রার্থী জনসাধারণকে যে কোনো অভিযোগ দুদক হটলাইনে (১০৬) জানানোর পরামর্শ দেয় দুদক টিম।
 
এ অভিযান পরিচালনা সম্পর্কে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, দুদক টিম সব ধরনের সরকারি সেবা প্রদান প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত রাখতে চায়, এ লক্ষ্যেই এ ধরনের নজরদারিমূলক অভিযান চলছে। 
 
ইত্তেফাক/এমআই