প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবরেণ্য শিল্পী সুবীর নন্দীর অসুস্থতার সকল খবরাখবর রাখছেন। তার নির্দেশে চিকিত্সাধীন এই শিল্পীর চিকিত্সা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থাপত্র সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সেখান থেকে সিদ্ধান্ত আসলে উন্নত চিকিত্সার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে শিল্পীকে নেওয়া হবে সিঙ্গাপুর। আজ রবিবার এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। গতকাল শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন।
সামন্ত লাল সেন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যেই সকল ব্যবস্থাপত্র সিঙ্গাপুর জেনারেল হাসপাতলে পাঠানো হয়েছে। তারা সেগুলো পেয়েছেনও। তবে সমস্য হলো, শনি ও রবিবার তাদের অনেক কাজ বন্ধ থাকে। আমি রবিবার সকালে সুবীর নন্দীকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যাবো। এর মধ্যে সেখান থেকে কোনো ডাক এলে আমরা সেখানে নেওয়ার ব্যাপারে বাকি সিদ্ধান্তগুলো নিতে পারবো।’
