আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে বন্দুকধারীরা একটি সরকারি ভবনে হামলা চালিয়ে ৪০ জনকে জিম্মি করেছে। তাদের বেশিরভাগই সরকারি কর্মকর্তা-কর্মচারি। মঙ্গলবার এক আত্মঘাতী হামলাকারী ভবনের মূল ফটকের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় ভবনে প্রবেশ করে। এরপরই জিম্মি করা হয় তাদের। এনডিটিভি।
তালেবান জঙ্গিরা এক বিবৃতি দিয়ে এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তবে শহরটিতে সাম্প্রতিক মাসগুলোতে ইসলামিক স্টেট (আইএস) তাদের শক্তি প্রদর্শন করছে।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, শরণার্থী বিষয়ক বিভাগের ভবনের গেটে একটি গাড়ি আসার পরই হামলা শুরু হয়। একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে বন্দুকধারীরা ভবনে ঢোকে। কয়েকমিনিট পর গাড়িটি বিস্ফোরিত হয়ে কয়েকজন আহত হয়।
স্থানীয় প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি বলেন, এ ঘটনায় প্রায় ৪০ জন মানুষ আহত হয়েছেন।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগানি বলেছেন, শরণার্থী সংক্রান্ত বিষয় নিয়ে এনজিওগুলোর বৈঠকের সময় এ হামলা হয়েছে। শরণার্থী বিষয়ক বিভাগের প্রধানসহ অন্য কয়েকজনকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
ইত্তেফাক/বিএএফ/টিএস
