আফগানিস্তানে যোগাযোগ মন্ত্রণালয়ে আত্মঘাতী ও বন্দুক হামলায় ৭ জন নিহত হয়েছেন। গতকাল মন্ত্রণালয়ের প্রবেশপথে প্রথমে আত্মঘাতী হামলা এবং পরে বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন বেসামরিক এবং তিনজন পুলিশ সদস্য আছেন। এছাড়া আট বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সায়েদা রশিদ জানিয়েছেন, এক ব্যক্তি প্রবেশপথে এসে বন্দুক নিয়ে চিত্কার করে বলছিল, আমি এখানকার সবাইকে হত্যা করবো। সে আমাদেরকেও গুলি করার চেষ্টা করে। আমরা সবাই পালিয়ে যাই। বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নারী আহত হয়েছেন বলে সায়েদা জানিয়েছেন। হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান। -বিবিসি
