বিদ্যুত্ সংযোগ না থেকেও বিল বকেয়ার অভিযোগে কুমিল্লার এক দিনমজুরের বিরুদ্ধে মামলা ও তাকে কারাগারে পাঠানোর ঘটনায় সংশ্লিষ্ট ১১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। পাশাপাশি ভুক্তভোগী মো. আব্দুল মতিনের বাড়িতে বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়েছে। গতকাল শনিবার আরইবি’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানায়, প্রাথমিক তদন্তে আব্দুল মতিনের হয়রানির ঘটনার সত্যতা পাওয়া যায়। ২০১৫ সালে আব্দুল মতিনের ঘরে বিদ্যুত্ সংযোগ না দিয়ে তার নামে বরাদ্দকৃত মিটারটি প্রতিবেশী মোঃ শফিকুল ইসলামের ঘরে স্থাপন করা হয়। তারপর থেকে শফিকুল বিদ্যুত্ ব্যবহার করলেও বিদ্যুত্ বিল আ. মতিনের নামে প্রদান করা হচ্ছিল। সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারিগণের দায়িত্বপালনে উদাসীনতা ও চরম অবহেলার কারণেই এটি ঘটেছে। বিদ্যুত্ বিল অপরিশোধিত থাকায় আ. মতিনের নামে মামলা করার কারণে এ অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আ. মতিনের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছেন ও আরইবির চেয়ারম্যান তার সঙ্গে টেলিফোনে কথা বলে তাকে সান্ত্বনা দিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি আ. মতিনকে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য ৮০টি পল্লী বিদ্যুত্ সমিতিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মিটার স্থাপন ও মামলা প্রত্যাহার
এদিকে কুমিল্লা প্রতিনিধি জানান, দিনমজুর আবদুল মতিনের ঘরে বিনামূল্যে বিদ্যুতের মিটার লাগিয়ে দিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর কর্মকর্তারা। এছাড়া বকেয়া বিদ্যুত্ বিল পরিশোধের কারণে আবদুল মতিনের বিরুদ্ধে দায়ের করা মামলাটিও প্রত্যাহার করে নিয়েছে বিদ্যুত্ বিভাগ।
