তুরস্কে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে এক মার্কিন যাজককে আটকের প্রতিবাদে দু’জন তুর্কি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ হুকাবে স্যান্ডার্স জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন তুরস্কে মার্কিন যাজক অ্যান্ড্রু ক্রেইগ ব্রুনসনকে আটকের প্রতিবাদে দেশটির বিচারমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। খবর আল জাজিরার।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তুরস্কের বিচারমন্ত্রী আব্দুলহামিত গুল ও স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সোইলু’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেননা তারা, ব্রুনসনের গ্রেফতার ও আটক হওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে ওই দুই মন্ত্রীর গচ্ছিত সম্পদ বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের যেকোনো আর্থিক ও বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ করা হবে।
উল্লেখ্য, তুর্কি সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত দু’টি সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে কাজ করার দায়ে তুরস্কের আদালতে ৫০ বছর বয়সি মার্কিন যাজক ব্রুনসনের বিচার চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে ৩৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে।
ইত্তেফাক/ জেআর
