সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৪:০৮
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য গত ২৭ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করে এবং একই সাথে অবসরের বয়সসীমা ৬৫ বছর করার পরামর্শ দেয়। এ সুপারিশ বাস্তবায়নের জন্য আগামী ৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১ টায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মানববন্ধন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহবায়ক হারুন-অর রশিদ।
 
তিনি বলেন, সরকারের বর্তমান মেয়াদের মধ্যে এ সুপারিশ বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন, নবম সংসদের নির্বাচনের পূর্বেও চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর জন্য সরকার সিন্ধান্ত নিয়েছিল কিন্তু বাস্তবে তার সুফল এদেশের উচ্চশিক্ষিত ছাত্ররা এখনো লাভ করেনি। তাই আসছে নির্বাচনের পূর্বেই এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
 
সংগঠনের যুগ্ম আহব্বায়ক সবুজ ভূঁইয়া বলেন, বিশ্বের বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের ক্ষেত্রে ১৮-৬৫ বছর পর্যন্ত সুযোগ রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চাকরিতে আবেদনের ক্ষেত্রে সুযোগ অনেক বেশি। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র যদি তাদের বিভিন্ন প্রদেশে চাকরির  ক্ষেত্রে ১৮- ৪০ বছর পর্যন্ত রাখতে পারে তাহলে আমাদের দেশে সমস্যা কোথায়?
 

ইত্তেফাক/এএম