শুক্রবারই ৩৯তম বিসিএস পরীক্ষা

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৭:৫৮
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শুক্রবারই ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে।
 
এদিকে নিরাপদ সড়কের দাবিতে টানা পাঁচ দিন ধরে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে ঢাকায় গণপরিবহনের সংকট দেখা দেয়। 
 
এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ৩৯তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষার্থী কম হওয়ায় এই পরীক্ষা নেয়ায় কোনো অসুবিধা হবে না। তাই নির্ধারিত সময়েই পরীক্ষা হবে। 
 
রাজধানীর ২৫টি কেন্দ্রে ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। দুপুর দেড়টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করে আসন নিতে হবে। দুপুর আড়াইটায় দেয়া হবে উত্তরপত্র। ৩টা থেকে ৫টা পর্যন্ত হবে পরীক্ষা। 
 
এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, মোবাইল, ঘড়ি, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই, ক্যালকুলেটর, অলংকার, ক্রেডিট কার্ড, ব্যাংক কার্ড এবং ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ।
 
গত ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দেয়া হবে।
 
ইত্তেফাক/জেডএইচ