নিরাপদ সড়কের দাবিতে মৌন মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির সভাপতি সনজিৎ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়। মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মধুর ক্যান্টিন হতে শুরু হয়ে মিছিলটি ডাকসু ভবন-বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে টিএসসিতে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হুসেইন বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে আমরা একমত। আন্দোলনকে ঘিরে কোনো অপশক্তি যেন ফায়দা লুটার চেষ্টা না করে তিনি সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় কোনো ধরনের মৃত্যু যেন না হয়। যারা আন্দোলন করছে তাদের আবেগ অনুভূতির প্রতি আমাদের সম্মান আছে। সরকার এই দাবির সঙ্গে একমত।
জননেত্রী শেখ হাসিনারও এ ব্যাপারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে এবং সরকারের প্রয়াসের মাধ্যমে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। সড়ক দুর্ঘটনার জন্য অনেক স্টোক হোল্ডার আছে, জনসাধারণেরও সচেতনতার বিষয় আছে। যদি আইন সংযোজন করার দরকার হয় সরকার সেটা করবে। ছাত্র সংগঠন হিসেবে সামাজিক সচেতনতার জায়গা থেকে তারা দাঁড়িয়েছেন বলে তিনি মন্তব্য করেন।
ইত্তেফাক/জেডএইচ/
