প্রায় পাঁচ মাস পরে পিএসজি দলের সঙ্গে ফিরেছেন নেইমার। চীনের শেনজেনে মোনাকোর বিপক্ষে ফ্রেঞ্চ সুপার কাপের ম্যাচকে সামনে রেখে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
ফরাসি চ্যামিপয়নদের হয়ে ফেব্রুয়ারিতে সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন বিশ্বের সবচাইতে দামি এই খেলোয়াড়। এরপর পায়ের ইনজুরির কারণে মৌসুমই শেষ হয়ে যায় তার। যে কারণে সার্জনের ছুরির নিচে পর্যন্ত শায়িত হতে হয়েছিল নেইমারকে। শঙ্কা ছিল বিশ্বকাপ নিয়েও।
প্রায় তিন মাসের মতো সময় ছিলেন সব ধরনের খেলার বাইরে। পরে সব শঙ্কার মেঘ সরিয়ে দিয়ে ফুটবলের বিশ্বআসরে ঠিকই খেলে ফেলেন নেইমার। ইনজুরি যে তার ফর্মে ব্যাঘাত ঘটাতে পারেনি, রাশিয়া বিশ্বকাপে ঠিকই বুঝিয়ে দেন তিনি। পাঁচ ম্যাচে দুই গোল এবং এক অ্যাসিস্ট নিয়ে নেহায়েত খারাপও খেলেননি এই ব্রাজিল তারকা। কিন্তু এরপরও সমালোচনার তীর ধেয়ে গিয়েছে তাকে লক্ষ্য করে। তবে তা ঠিক পারফরমেন্সের জন্য নয়, তাকে লক্ষ্য করে করা ট্যাকলগুলোর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত প্রতিক্রিয়ার কারণে। পরে সেসব সমালোচনাকে মাথা পেতে নিয়েছেন নেইমার।
জিলেটের এক ভিডিওতে ভবিষ্যতে আরও ভালো খেলোয়াড় হয়ে ওঠার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
IMG0
বিশ্বকাপের হতাশা কাটিয়ে পিএসজি দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য চীনে উড়াল দেন নেইমার। বিমানবন্দরে নামার আগে বিমানের কর্মীদের সঙ্গে ছবি তোলেন এই ব্রাজিল তারকা। বিমানবন্দরে তার নামার অপেক্ষা করছিলেন তার ভক্তদের এক বিশাল অংশ। সেখানে এক উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন এই পিএসজি ফরোয়ার্ড। সেখানেও ভক্তদের আবদার মিটিয়ে তাদের সঙ্গে ছবি তোলেন এবং তাদের আনা স্যুভেনিরে স্বাক্ষর করেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এর ছবিও প্রকাশ করেন তিনি।
সপ্তাহ দেড়েক পরই শুরু হচ্ছে নতুন ক্লাব মৌসুম। নতুন মৌসুম শুরুর আগে চীন-যুক্তরাষ্ট্রে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ইউরোপের শীর্ষস্থানীয় দলগুলো। তারই অংশ হিসেবে চীন সফর করছে পিএসজি। দলের নতুন কোচ টমাস টুখেলের অধীনে এশীয় দেশটির গণশহর শেনজেনে আগে থেকেই চলছিল ফরাসি চ্যামিপয়নদের অনুশীলন। এবার তূণের সেরা তীরটিকেও পেয়ে গেলেন জার্মান কোচ।
আগামীকাল শনিবার মোনাকোর বিপক্ষে ফ্রেঞ্চ সুপার কাপের ম্যাচ দিয়ে পাঁচ মাস পর পিএসজির জার্সি গায়ে মাঠে ফিরবেন নেইমার।
ইত্তেফাক/কেআই
