নিরাপত্তার অভাব দেখিয়ে রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিক ও মালিকরা। শুক্রবার সকালে রাজশাহী থেকে কোনো বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ রাখার বিষয়ে বিকেল পাঁচটায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ।
হঠাৎ বাস বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় সড়ক পথে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার যোগযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দূর-দুরান্তে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েও যানবাহন না পেয়ে পথে পথে সাধারণ যাত্রীদের নানা হয়রানির শিকার হতে হয়।
রাজশাহীর শিরোইলে শহীদ এএইচএম কামরুজ্জামান বাস টার্মিনাল, ঢাকা বাস টার্মিনাল ও নওদাপাড়া বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, এসব টার্মিনাল থেকে সকাল ১০টার পর কোনো বাস ছেড়ে যায়নি। সকাল থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশে মহানগরের শিরোইল, ভদ্রা ও রেলগেট বাসস্ট্যান্ডে সাধারণ যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার বলেন, আমরাও শিক্ষার্থীদের মতো নিরাপদ সড়ক চাই। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তদের যৌক্তিক আন্দোলনের মধ্যে একটি গোষ্ঠী জড়িয়ে পড়েছে এবং তারা ছাত্রদের আন্দোলনের ওপর ভর করে ঘটনাটি ভিন্নখাতে নিয়ে যাওয়ার অপচেষ্টা শুরু করেছেন। কোমলমতি শিক্ষার্থীদের ভিড়ে ঢুকে যানবাহন ভাঙচুরসহ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অপচেষ্টা শুরু করেছে গোষ্ঠীটি।
ইত্তেফাক/এএম
