মুক্তিপণেই ছাড়া পেল অপহৃত আরিফ

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ২০:৩৭
অপহরণের দুইদিন পর তিন লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল কক্সবাজারের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির বাইশারীতে স্টার রাবার বাগান ব্যবস্থাপক আরিফ উল্লাহ। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বাগানের কাজ শেষে ফেরার পথে বাইশারী-আলীক্ষ্যং সড়কের মাল্টা-বাগান নামক স্থানে মোটরসাইকেল থামিয়ে ৭/৮ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে আরিফকে জিম্মি অপহরণ করে।
 
অপহরণকারীরা আরিফের পরিবারের কাছ থেকে প্রথমে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে পরে ৩ লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে শুক্রবার ভোর রাতে ইউনিয়নের পিএইচপি রাবার বাগান ৭নং প্লট নামক স্থানে তাকে ছেড়ে দেয়।
 
বুধবার রাবার বাগান ম্যানেজার আরিফ উল্লাহ অপহরণের পর থেকে পুলিশ-বিজিবি ও সেনা সদস্যরা রাতদিন গহীন পাহাড়ে অভিযান চালায়। কিন্তু সশস্ত্র সন্ত্রাসীদের কবল থেকে অপহৃত আরিফ উল্লাহকে উদ্ধার করা সম্ভব হয়নি।
 
অপহরণকারী চক্রের হাত থেকে ফিরে আসা আরিফ উল্লাহ সাংবাদিকদের জানান, তাকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয় এবং দুর্গম পথ পায়ে হেটে অতিক্রম করতে হয়েছে। তাকে কোন ধরনের মারধর করা হয়নি। সময়মত নামাজ পড়ার সুযোগ ও খাবার দেওয়া হয়। কিন্তু মুক্তিপনের জন্য মোবাইল ফোনে আত্বীয়-স্বজনের নিকট বারবার চাপ প্রয়োগ করা হয়েছিলো।
 
প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দীর্ঘদিন যাবৎ অপহরণকারী চক্রের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। এ পর্যন্ত রাবার বাগান শ্রমিক, সাধারণ জনগণ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় অর্ধশতাধিক লোকজনকে অপহরণ চক্রের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ আদায় করে। এ পর্যন্ত মুক্তিপণ ছাড়া কোন লোক তাদের হাত থেকে রেহাই পায়নি। উক্ত ঘটনায় বাইশারীতে কর্মরত রাবার বাগানের ব্যবস্থাপক, সুপারভাইজার ও শ্রমিকসহ হাজার হাজার মানুষ অপহরণ আতংকে ভুগছে। এছাড়া বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়ক দিয়ে অপহরণকারীদের আতংকে সন্ধ্যার পরপরই যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে তিন ইউনিয়নের লক্ষাধিক মানুষ।
 
ইত্তেফাক/এমজে/বিএএফ