মার্কিন ‘ব্ল্যাকমেইল’ মেনে নেবে না চীন

আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৪:২৫
চীনা পণ্যে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র যে ‘ব্ল্যাকমেইল’ করছে, তা মেনে নেওয়া হবে না। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে এমনটা বলা হয়েছে। শনিবার চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপের জবাবে  ৬ হাজার কোটি ডলার সমমূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে চীন। রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, এই শুল্ক আরোপ চীনের সংযমের প্রমাণ। খবর আল জাজিরা।
 
শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৫ হাজার ২০৭ পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে চীনের অর্থ মন্ত্রণালয়। কয়েকদিন আগে চীনের ২০ হাজার কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর মার্কিন  শুল্কারোপের জবাবেই এই পদক্ষেপ নিয়েছে চীন।  পণ্যগুলোর ওপর আরোপ করা হয়েছে ৫ থেকে ২৫ শতাংশ করে অতিরিক্ত শুল্ক। 
 
চীনা গণমাধ্যম দ্য গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনের পাল্টা পদক্ষেপ খুবই যৌক্তিক। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংখ্যায় প্রতিযোগিতায় নামবে না। 
 
উল্লেখ্য, জুলাই মাসে যুক্তরাষ্ট্র ও চীন পাল্টাপাল্টি ৩ হাজার ৪০০ কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর শুল্কারোপ করে। খুব শীঘ্রই ওয়াশিংটনের আরো ১ হাজার ৬০০ কোটি ডলার সমমূল্যের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করার কথা রয়েছে।
 
ইত্তেফাক/ জেআর