রবিবার সকালে গণভবন থেকে নরসিংদীর ঘোড়াশালে ৩৬৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও শিবপুর-মনোহরদী উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ২১টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন। এর অংশ হিসেবে নরসিংদীর শিবপুর-মনোহরদী উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মনোহরদী-বেলাব আসনের সাংসদ আলহাজ্ব এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিবপুরের সাংসদ মো. সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা, নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, নরসিংদী জেলা জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনি: সহ-সভাপতি শান্ত বণিক, মনোহরদী, শিবপুর ও পলাশের উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, পল্লী বিদ্যুতের কর্মকর্তা, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা পর্যায়ে সরকারি দপ্তর প্রধান, বিভিন্ন সুবিধাভোগী, গণমাধ্যমকর্মী।
উল্লেখ্য, ঘেড়াশাল ৩৬৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করে। এছাড়া নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ শিবপুর উপজেলায় ২শত ৮ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩শত ৮৭ কিলোমিটার লাইন নির্মাণ করে। এই লাইনটির মাধ্যমে ৭০ হাজার ৭শত ৪২টি গ্রাহকের মাঝে সংযোগ প্রদান করা হয়েছে। মনোহরদী উপজেলায় ১শত ৮৮ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ২শত ৫৫ কিলোমিটার লাইন নির্মাণ করে। এই লাইনটির মাধ্যমে ৬৭ হাজার ৭শত গ্রাহকের মাঝে সংযোগ প্রদান করা হয়।
ইত্তেফাক/নূহু
