বিএনপি-জামায়াতের রাজনৈতিক উস্কানীদাতা, গুজব রটনাকারীরা কোমলমতি শিশুদের নিষ্পাপ আন্দোলনকে বিপথগামী করার অপচেষ্টা চালাচ্ছে।
আজ রবিবার এক বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এ কথা বলেন।
শিশুদের ঘরে ফিরিয়ে নেয়ার জন্য অভিভাবক সমাজের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সরকার শিশুদের ৯ দফা দাবি মেনে নেয়ার পর বিএনপি-জামায়াতের রাজনৈতিক উস্কানীদাতা গুজব রটনাকারীরা কোমলমতি শিশুদের নিষ্পাপ আন্দোলনকে বিপথগামী করার অপচেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গুজব রটিয়ে উস্কানী দিয়ে অছাত্র দুর্বৃত্তরা শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে হামলা করেছে। একইভাবে আজও গুজব রটিয়ে উস্কানী দিয়ে সংঘাত-সংঘর্ষ পরিস্থিতি তৈরি করতে অপচেষ্টা চালাচ্ছে।
তারা আরো বলেন, সরকার রাস্তায় অবস্থানকারী শিশুদের পাহারা দিয়ে রেখে নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট। কিন্তু বিএনপি-জামায়াতের রাজনৈতিক উস্কানীদাতা গুজব রটনাকারীরা যেভাবে শিশুদের সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে তা শিশুদের নিরাপত্তা নিয়ে জনউদ্বেগ তৈরি হয়েছে।
বিবৃতিতে তারা শিশুদের নিরাপত্তার স্বার্থেই বিএনপি-জামায়াতের রাজনৈতিক উস্কানীদাতাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক সমাজ, নাগরিক সমাজ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানান। বাসস
ইত্তেফাক/কেকে
