পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে হেলপার নিহত

আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ২১:০৭
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ট্রাক চাপায় আলাউদ্দিন সোহান (২১) নামের এক পরিবহন শ্রমিক নিহত হয়েছে। রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ শ্রমিক ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে কাচপুর হাইওয়ে পুলিশের বিচার দাবি করে।
 
নিহত আলাউদ্দিন সোহান সিদ্ধিরগঞ্জের সাইলো গেট এলাকার জাহাঙ্গীরের ছেলে এবং সে গণপরিবহন শ্রমিক।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, রবিবার দুপুরে দুটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-৯৭০২ ও ঢাকা মেট্রো-ট ১৪-২৬১০) চাপায় পরিবহন শ্রমিক আলাউদ্দিন সোহান নিহত হয়। এ ঘটনায় শ্রমিক ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে শিমরাইল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে অবরোধকারীদের বেশ কয়েকবার উত্তেজিত বাক্য বিনিময় হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করেন।
 
তিনি আরো জানান, ‘বিক্ষুব্ধদের শান্ত করে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবেশ এখন শান্ত রয়েছে।’
 
ইত্তেফাক/বিএএফ