মোস্তাফিজের জোড়া আঘাত, চাপে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১০:০১
ফ্লোরিডার লডারহিলে বাংলাদেশের দেওয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে তারা।
 
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের চতুর্থ ওভারে ফ্লেচারকে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। ৭ বলে ৬ রান করে ফিরে যান তিনি। এর পর দ্রুত ফিরে যান চারডিক ওয়ালটন। নাজমুল হাসান অপুর অসমাপ্ত ওভার শেষ করতে এসে সৌম্য সরকারের বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ১৯ বলে ১৯ রান করা ওয়ালটন। মারলন স্যামুয়েলসকে বোল্ড করেন বাংলাদেশ দলের ক্যাপটেন সাকিব আল হাসান। আউট হওয়ার আগে ৪ বলে মাত্র ২ রান সংগ্রহ করেন। বিপদজনক হয়ে ওঠা দিনেশ রামদিন বোল্ড করে সাজঘরে ফেরান রুবেল হোসেন। বোল্ড হওয়ার আগে তিনি ১৮ বলে ২১ রান করেন।  ২০ বলে ২৩ রান করা রোভমান পাওয়েলকে আবু হায়দার রনির ক্যাচে পরিণত করেন মোস্তাফিজ। 
 
বিপক্ষে সিরিজ নির্ধারণী ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই ওপেনার তামিম ও লিটন। ৪ ওভার শেষে বাংলাদেশ ৫৬ রান সংগ্রহ করে। ১৩ বলে ২১ রান তুলে কার্লোস ব্রাফেটের বলে বিদায় নেন তামিম ইকবাল। আজও ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার! ৪ বলে ৫ রান করে কেমো পলের স্লোয়ার ডেলিভারিতে লং অনে ক্যাচ দেন সৌম্য। 
 
কার্লোস ব্রাফেটের সিমআপ ডেলিভারিতে উইকেট থেকে সরে খেলতে গিয়ে রামদিনের হাতে ক্যাচ দেন মুশফিকুর রহিম। ১৪ বলে ১২ রান করেন মুশফিক। কেসরিক উইলিয়ামসের স্লোয়ার ডেলিভারি ঠিকমতো পিক করতে পারেননি লিটন। হাফ সেঞ্চুরির স্বাদ পাওয়া লিটন দাস  মিড অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ৩২ বলে ৬১ রান করেন লিটন।  
 
লিটন কুমার দাস আউটের পর মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে ৪৪ রানের জুটি গড়েছিলেন সাকিব। দুজনের ব্যাটে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। ১৬তম ওভারে এ জুটি ভাঙেন কেমো পল। ডানহাতি এ পেসারের স্লোয়ার ডেলিভারিতে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন সাকিব। ২২ বলে ২৪ রান করেন সাকিব। 
 
১৭তম ওভারের চতুর্থ বল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কেসরিক উইলিয়ামস। ঠিক তখনই নেমে এলো বৃষ্টি। বৃষ্টির বাগড়ায় ৩২ ‍মিনিট খেলা বন্ধ থাকে।
 
বৃষ্টির পর মাহমুদউল্লাহর ব্যাটে বাংলাদেশ এগিয়ে যায় নিজস্ব ছন্দে। শেষ ৩ ওভারে বাংলাদেশ পায় ৩৩ রান। ২০ বলে ৩২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। তাকে সঙ্গে দেন আরিফুল। আরিফুল ১৬ বলে করেন ১৮ রান।  
 
সেন্ট কিটসে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে যায় বাংলাদেশ। ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ১-১ সমতা এনেছেন সাকিব বাহিনী। আজ একই মাঠে সিরিজের শেষ ম্যাচ রূপ নিয়েছে ফাইনালে। এই ম্যাচটা জিতলে বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
 
 
ইত্তেফাক/ইউবি