শিক্ষার্থীদের আন্দোলনে ভাঙচুরসহ নানা ঘটনায় ২৭ মামলা, গ্রেফতার ১১

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ০৬:৪২
নিরাপদ সড়কের দাবিতে গত আটদিন ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের সময় গাড়ি ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে মোট ২৭টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১১ জনকে। এদের মধ্যে তিনজনকে চারদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গত রবিবার বিকাল পর্যন্ত এসব মামলা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ক্রাইম) মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন। মামলা ও গ্রেফতারের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি। 
 
খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের মিরপুর ও উত্তরা বিভাগে ৩টি করে, ওয়ারী বিভাগে ২টি, রমনা ও মতিঝিল বিভাগে ৬টি করে মামলা হয়েছে। এ ছাড়া শাহবাগ, তেজগাঁও, লালবাগ ও গুলশান বিভাগে মামলা হয়েছে একটি করে। মামলাগুলোর মধ্যে যাত্রাবাড়ীতে ২টি, রমনায় ৩টি, ধানণ্ডিতে ২টি, শাহবাগে ১টি, নিউমার্কেটে ২টি, মতিঝিলে ৩টি, পল্টনে ২টি, রামপুরায় ১টি, তেজগাঁওয়ে ১টি, কোতয়ালিতে ১টি, খিলক্ষেতে ১টি, ক্যান্টনমেন্টে ২টি, বিমানবন্দর থানায় ১টি, রূপনগরে ১টি, আর উত্তরা পূর্বতে ১টি, পশ্চিম থানায় ২টি করে মামলা হয়েছে। এর মধ্যে ভাঙচুর, অগ্নিসংযোগ ছাড়াও তথ্য প্রযুক্তি আইনে মামলাও আছে।
 
মামলাগুলোতে আসামি কারা জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, ছোট ছোট শিক্ষার্থীরা তো আর গাড়ি ভাঙচুর বা মারামারি করেনি। এখানে তৃতীয়পক্ষ ঢুকে ভাঙচুর ও মারামারিসহ পুলিশের ওপর হামলা করেছে। সুতরাং ওইভাবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
 
গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই ছাত্রছাত্রীর প্রাণহানির পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। ভাঙচুর করা হয় বেশকিছু গাড়ি। এরপর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়ে। এর মধ্যেই গত শনি ও রবিবার ঢাকার ধানমণ্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতের ঘটনাও ঘটে। রবিবার শাহবাগে গাড়ি ভাংচুরের ঘটনায় একটি মামলা এবং ছয়জনকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/কেআই