মৃত্যুদণ্ড রেখে শিশু ধর্ষণের বিল রাজ্যসভায় পাস

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১০:৩৯
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাস হলো শিশু ধর্ষণ বিরোধী বিল৷ এখন বিলটি পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে৷ তার স্বাক্ষরের পরই আইনে পরিণত হবে এটি। ফলে ১২ বছর বা তার নিচে শিশুদের ধর্ষণে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে।
 
যখন বিলটি উঠানো হয়, তখন কংগ্রেস ও সমাজবাদী পার্টির দুজন এমপি বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠানোর সুপারিশ করেন৷ তাদের মধ্যে একজন রবি প্রকাশ ভার্মার বলেন, বিলটি শুধু মেয়েদের মাথায় রেখে করা হয়েছে৷ অথচ এখন ছেলেরাও যৌন নির্যাতনের শিকার হচ্ছে৷ তাই বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠানো হোক৷
 
তবে এই বক্তব্যের বিরোধিতা করে সরকার পক্ষের এমপি স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী কিরণ রিজুজু জানান, এমপিরা বিলটির বিষয়ে যে সব মন্তব্য করেছেন সরকার সেই দিকগুলি নিশ্চয়ই ভেবে দেখবে৷
 
চলতি বছর ২১ এপ্রিল শিশু ধর্ষণে মৃত্যুদণ্ডের প্রস্তাব পাস হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায়৷ এরপর সোমবার বিলটি লোকসভায় পাস হয়৷ সবশেষ রাজ্যসভাতেও পাস হলো বিলটি।
 
বিলে বলা হয়েছে, শিশু ধর্ষণের অপরাধে নুন্যতম শাস্তি ২০ বছরের হাজতবাস৷ সর্বোচ্চ শাস্তি আমৃত্যু কারাবাস বা মৃত্যুদণ্ড৷
 
ইত্তেফাক/জেডএইচ